বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়ায় পুকুরের পানিতে ডুবে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

তবে, মৃত ভাইবোনের মা বেবি বেগম তার সন্তানদের পরিকল্পিত ভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার দাবি করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মৃত ভাই-বোন উপজেলার নড়াগাতী থানাধীন শিবানন্দপুর গ্রামের কৃষক আজিবার শেখ ও তাঁর প্রথম স্ত্রী বেবি বেগমের সন্তান। তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণি ও কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই এলাকার একব্যক্তি তাসলিমা ও তার ভাই কাওসারকে পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যেতে দেখেন। দীর্ঘসময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা পুকুর পাড়ে তাসলিমার ওড়না দেখে ওই পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের বাবা আজিবার শেখ দাবি করেন, তার ছেলে মেয়ে কেউ সাঁতার জানতো না, পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে।

 

 

তবে তাদের মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে, তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামী ও তার ভাইয়েরা মারধর করে আমাকে ৮ থেকে ৯ মাস আগে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী আবার দ্বিতীয় বিবাহ করেছে। পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে।

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ভাই-বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ