সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় আশাশুনির বুধহাটা বাজারের ব্যাংদহা মোড়ে শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার আয়োজনে কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী।
আশাশুনি প্রেস ক্লাবের সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসকে হাসান, এপিপি এড শহিদুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, রফিকুজ্জামান বকুল, জামায়াত নেতা আবুল কালাম, সাংবাদিক ইয়াছির আরাফাত ড্যানিশ, বাবুল হোসেন, ফারুক হোসেন, আবু হাসান চঞ্চল, ব্যবসায়ী আমিনুর রশিদ।
প্রধান অতিথি বলেন, ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। কয়েকদিন পর মুক্তি পেলেও ১৯৪৯ সালে পুনরায় গ্রেফতার হয়ে প্রথমে কোতয়ালী থানায় এবং পরে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেখানে পাকিস্তান সরকারের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালনার ঘটনায় সাতজন কারাবন্দির সঙ্গে আনোয়ার হোসেনও শহীদ হন।
তিনিই ছিলেন প্রথম ভাষা শহীদ। তাঁকে রাস্ট্রীয় স্বীকৃতি, আশাশুনি-সাতক্ষীরা সড়ককে ভাষা শহীদ আনোয়ার সড়ক নামকরণসহ বিভিন্ন দাবী আদায়ে এ মানববন্ধন করা হয়।

