সমীর রায়, আশাশুনি :
আশাশুনির বড়দলে নেবুখালী ও নারায়ন বাড়ি খাল পুনঃ খননের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বামনডাঙ্গা গ্রামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান হিমু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, বিএডিসির উপ পরিচালক অসীম কুমার মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল ওহাব, ইউপি সদস্য প্রসেনজিৎ সরকার, সাবেক সদস্য দীলিপ সানা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় বড়দল ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার ছোট-বড় খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে।
খনন কার্যক্রম শেষ হলে খালে জমা বৃষ্টির পানি সেচের মাধ্যমে আপনারা বোরো ধানের আবাদ করা সহ তরমুজ, সরিষা, পাট সহ নানা রকমের সবজি চাষ করা সহ খালে নৌকা ব্যবহার করে ফসল ও কৃষি কাজে ব্যবহৃত মালামাল বহন করতে পারবেন। এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে। এসব কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাতক্ষীরা বিএডিসির বাস্তবায়নে ও উপজেলা প্রশাসন এবং ডিএই, আশাশুনি, সাতক্ষীরার সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ফিতা কেটে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা বিলের ৭০০ মিটারের খাল খননের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
তবে খালটি খননের বরাদ্দ কত, কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করবে, কত ফুট গভীর ও কত ফুট প্রস্থ করে খনন করা হবে সে বিষয়ে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে বিএডিসি কর্তৃপক্ষ পরে জানতে পারবেন বলে বিষয়টি এড়িয়ে যান। এতে সাংবাদিকসহ উপস্থিত এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

