আহসান উল্লাহ, (সাতক্ষীরা) কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে বিরোধের জেরে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত এবং অপর ভাই গুরুতর আহত হয়েছে। সোমবার (আজ) দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম (২৮) স্থানীয় ছলেমান শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারের দুর্গন্ধ হওয়া নিয়ে অভিযুক্ত আরিফ (৩০)-এর সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান এবং রুহুল আমিন গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন আরিফকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আরিফসহ তার স্ত্রী ও পিতা-মাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

