মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে পলাশ মিয়া (৩৫) নামে বিকাশ প্রতারণা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে হয়েছে। গ্রেফতারকৃত পলাশ মিয়া হরিণাকুন্ডু উপজেলার পার দখলপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এক পর্যায়ে তিনি কালীগঞ্জ উপজেলার স্থানীয় এক জামায়াত নেতার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৫ হাজার টাকা উত্তোলন করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় প্রতারনার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তিনি পলাতক ছিলেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় ওই জামায়াত নেতা পলাশকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পুলিশ আরও জানায়, পলাশের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় বিকাশ প্রতারণা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এসব মামলায় পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পলাশ মিয়া বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

