রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ২০ জনের বিরুদ্ধে এজাহার  

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজের পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের কুপিয়ে জখম করার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ কাপ পিরিচের  প্রধান নির্বাচনী কার্যালয়ে (স্বতন্ত্র প্রার্থী) সাইফুল ইসলাম ফিরোজ নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অফিসে হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-শাহাজান (৫৯), আরিচ সর্দার (৫৬), মন্টু সর্দার (৪২), ফারুক (৪০), টিটন লঙ্কার (৪৫), ফয়সাল (৩৫), শফি (৪২), শাহিন লঙ্কার (৪০), আসিফ (৩০), জাহিদ লঙ্কার (৫৫), ইব্রাহিম (৪০), সিফাত (২৪), শাওন (২৫), কাজল (৩২), আজিজুল জমিদার (৪০), আজিজুল লঙ্কার (৫৮), আকতার হোসেন (৫৫), হাবিল (৪২), রাহাত হোসেন (২২) এবং আলমগির লস্কার।
এসময় হামলাকারীরা কর্মী মোঃ জবেদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইবন নামে আরেক কর্মীকে কুপিয়ে এবং তার পিতা খোকন মিয়াকে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা অফিসের সামনে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বাদী হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ