কেশবপুর (যশোর) প্রতিনিধি: সোমবার কেশবপুর মঙ্গলকোট ইউনিয়নে ধানের শীষে প্রতীকের পক্ষে অনুষ্ঠিত জনসভায় যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে বলেছেন শান্তি শান্তি শান্তি। আমরাও কেশবপুরে শান্তি শান্তি শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কেশবপুরে কোন চাঁদাবাজ থাকবে না। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ইউনিয়নের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা ।
এছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান প্রমূখসহ অনেকে। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

