শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

খড়কীতে আইডিয়ার ঠান্ডা পানি বিতরণ কর্মসূচী শুরু

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি: স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা-এর উদ্যোগে টানা আট বছরের ধারাবাহিকতা বজায় রেখে নবম বছরেও রমযান মাসব্যাপী শুরু হয়েছে “আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প’’। যার উদ্বোধন করা হয় বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরণের মাধ্যমে।

 

২০১৯ সাল থেকে সংগঠনটি যশোর শহর-এর খড়কী এলাকায় পুরো রমযানজুড়ে বিনামূল্যে বিশুদ্ধ বরফ-শীতল পানি সরবরাহ করে আসছে। এ বছরের কার্যক্রমও প্রথম রমযান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বৃহস্পতিবার, প্রথম রমযানে আঞ্জুমানে খালেকিয়া এতিমখানার সামনে, খড়কী মসজিদ-এর ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা হামিদুল হক শাহীন-এর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পের যাত্রা শুরু হয়।

 

প্রতিষ্ঠাতা হামিদুল হক শাহীন বলেন, “রমযানজুড়ে আইডিয়ার বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প অন্যতম।
প্রকল্পের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা প্রতিদিন ইফতারের ঠিক আগে আইডিয়া পিঠা পার্ক এলাকা থেকে শুরু করে খড়কী পীর বাড়ি হয়ে জেবিন মোড় পর্যন্ত নির্ধারিত বিভিন্ন স্থানে পানি বিতরণ করেন।

 

প্রকল্পের সমন্বয়ক মোঃ মেহেদী হাসান বলেন, “গত পাঁচ বছর স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পানির প্রয়োজন কাছ থেকে দেখেছি। সারাদিন রোজা রেখে নিজের তেষ্টা ভুলে অন্যের তেষ্টা মেটাতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। ছোট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ—সবার মুখের তৃপ্তির হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

এম এম কলেজের শিক্ষার্থী আমেনা জানান, “মেসে থাকার কারণে রোজার সময় এই পানিই আমাদের প্রধান ভরসা। আমরা সবাই মিলে প্রতিদিন অপেক্ষা করি।”

 

একজন রিকশাচালক আবেগাপ্লুত হয়ে বলেন, “ইফতারের আগে এখানে এসে দাঁড়াই। একটু ঠান্ডা পানি পেলেই হয়, আর কখনো শরবতও পাই—এটাই আমাদের জন্য অনেক।”
রমযানের মানবিক চেতনা ও সামাজিক সংহতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে প্রতি বছরই “আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প” স্থানীয় মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ