নিজস্ব প্রতিবেদক:যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তরুণ ও যুবকদের উদ্দেশে বলেছেন, চাকরিতে প্রবেশের একমাত্র শর্ত হবে মেধা ও যোগ্যতা। চাকরির জন্য কাউকে ছাত্রদল করা লাগবে না, এমনকি বিএনপির পরিবারের সদস্য হওয়াও কোনো শর্ত নয়। তরুণদের দীর্ঘদিনের সংকট সমাধানের পাশাপাশি ভবিষ্যৎ প্রত্যাশা পূরণে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার যশোর শহরের পৌর উদ্যানে তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়ে অংশ নেওয়া তরুণরা শিক্ষা, কর্মসংস্থান, নিরাপদ শিক্ষাঙ্গন, স্বাস্থ্যসেবা, মাদক ও সন্ত্রাস দমনসহ নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নির্বাচিত হলে এসব বিষয়ে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে তরুণদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি সেই পথে হাঁটবো না। তরুণদের বাংলাদেশ পুনর্গঠনের কাজে যুক্ত করবো। নির্বাচিত হলে তরুণদের নিয়ে আবার বসে তাদের সমস্যা ও প্রত্যাশা অনুযায়ী একটি অগ্রাধিকার তালিকা তৈরি করবো এবং সে অনুযায়ী কাজ করবো।”
নকলমুক্ত পরিবেশ ও চাকরির পরীক্ষায় অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল। লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তখন কখনো ওঠেনি। মেধাবীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়—এটাই ছিল বিএনপির নীতি।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির বিষয়ে তিনি বলেন, কোটার বিরুদ্ধে প্রথম অবস্থান নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। “মেধা কখনো কোটা থেকে ছোট হতে পারে না”—এই দর্শনেই চাকরির বাজার উন্মুক্ত করতে চায় বিএনপি। তিনি তার পিতা প্রয়াত তরিকুল ইসলামের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ক্ষমতায় থেকেও তিনি কখনো চাকরির বিনিময়ে কারও কাছ থেকে সুবিধা নেননি।
স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ও সেবার মান বাড়ানো, করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ করা এবং হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষিভিত্তিক যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও সবজি সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
আইটি খাত প্রসঙ্গে তিনি বলেন, যশোরের আইটি পার্ককে কার্যকরভাবে ব্যবহার করে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে যবিপ্রবির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের সঙ্গেও ইতোমধ্যে আলোচনা হয়েছে।

