বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াত ক্ষমতায় গেলে নাশকতার নামে মিথ্যা মামলা দেওয়া হবে না: অভয়নগরে গোলাম রসুল

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশে বর্তমানে আইন প্রয়োগ হয় অর্থ ও ক্ষমতার মালিকদের স্বার্থে—এমন অভিযোগ করে ১১ দলীয় জোটের নেতা অধ্যাপক গোলাম রসুল বলেছেন, তাদের জোট ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিকের জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের রাঙ্গারহাটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম রসুল বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে দেশে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে যারা সংসদ সদস্য ছিলেন তারা জনগণের কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতিতে জড়িত ছিলেন। তবে জামায়াতে ইসলামীর কোনো সংসদ সদস্য বা মন্ত্রী একটি টাকাও দুর্নীতি করেননি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির পরিসমাপ্তি ঘটবে। জামায়াত ক্ষমতায় এলে নাশকতার নামে মিথ্যা মামলা দেওয়া হবে না। জামায়াত জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির অভয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের অভয়নগর উপজেলা সভাপতি আশিকে ইলাহি, মাওলানা আব্দুল মান্নান এবং অভয়নগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা।

এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ