বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জ্বালানি তেল পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা

আরো খবর

  বেনাপোল (যশোর) প্রতিনিধি :
 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে যশোর  বেনাপোল সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাসহ সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে বাংলাদেশে দেশের জ্বালানি খাতে অনিবার্য ভাবে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারনেই বিজিবি সতর্কতা বাড়িয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বিজিবি জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের উর্দ্ধগতি পরিলক্ষিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা পাচারের অপচেষ্টা চালায়।
সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোল স্থলবন্দরসহ যশোর জেলার শার্শা ও চৌগাছা সীমান্তে তেল পাচার রোধে বিজিবির জনবলবৃদ্ধি পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বেনাপোল স্থলবন্দর গেটে দেশীয় এবং ভারতীয় ট্রাক মালামাল পরিবহনে ভারতে প্রবেশের সময় অধিক সর্তকতার সাথে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার বিকাল থেকে নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে। বিজিবি কর্তৃক দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  জানান তিনি।
 উল্লেখ্য এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভায় বিজিবিকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকেও পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ