নিজস্ব প্রতিবেদক:
যশোরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে তেল মজুদ রেখেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার পরিচালিত এ অভিযানে সদর উপজেলার মোট আটটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে সংরক্ষিত তেলের পরিমাণ, প্রয়োজনীয় কাগজপত্র ও সরবরাহ কার্যক্রম যাচাই করা হয়।
অভিযানের সময় শহরের মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশন-এ ৮১৫ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদ- করা হয়।
এ ছাড়া অভিযানে করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন এবং মনিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশন-এ পরিদর্শন চালানো হয়। এসব প্রতিষ্ঠানে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

