শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলে নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল মনোজ পাইকের মরদেহ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয় দিন পর মনোজ পাইকের (৪৫) ভাঁসমান মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন বিকেলে মনোজের স্বজনরা বড়দিয়া পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন। খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে মনোজ। বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর ঘাটে একটি চলন্ত ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন মনোজ পাইক (৪৫)। স্বজনরা জানান তাঁর মৃগি রোগ ছিল।

নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থলে ভাঁসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। নৌ-পুলিশের একটি দল নদী থেকে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে এদিন বিকেলে মনোজের পরিবারের লোকজন মরদেহটি দেখে পরিচয় নিশ্চিত করেন।

 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। মনোজের পরিবারের লোকজন মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। মরদেহটি লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ