বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, সংঘর্ষে আহত ৬

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে প্রতিপক্ষরা (ধানের শীষের সমর্থকেরা) অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। হুমায়ূন মোল্যা হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামের বাসিন্দা।

 

ভুক্তভোগী বিএনপি নেতা হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যরা জানান, রাত ১টার দিকে বিকট শব্দ পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় ঘরে দাউ দাউ করে আগুন দেখতে পান। আগুনে ধান ও রবিশস্যসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরে কোনো মানুষ ছিলেন না। পরিবারের অভিযোগ, সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপির প্রার্থীর সমর্থকরা তাদের ঘরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে।

 

তবে, এই অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থক এবং হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের লোকজনের ওপর দোষ চাপাচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, আগুনের বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এদিকে নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হবখালীর বাগডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্রোহী প্রার্থীর পক্ষের আহতরা হলেন- হবখালী বিএনপির ওয়ার্ড সভাপতি সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী। তারা সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, বিএনপি প্রার্থীর সমর্থক আশরাফুল শেখ আহত হয়েছেন।।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মাগরিবের নামাজের পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস (বিদ্রোহী) প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে এশার নামাজের পর আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধানের শীষের সমর্থকরা কলস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে ৬ জন আহত হন। আহতদের সবাই নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ