নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে বাবা-ছেলে সহ ৪ হত্যা কান্ডে পাল্টাপাল্টি মামলা হয়েছে। নিহত ওসিবুরের বাবা ওসমান ফকির বাদি হয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫৪ জনের নাম উলেখসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার (ওসি) ওলি মিয়া।
অপরদিকে, গত (২৫ ফেব্রুয়ারি) রাতে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদি হয়ে ৬৯ জনের নাম উলেখসহ আরও ৪০ থেকে ৫০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় এপর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
উলেখ্য, সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খয়েরুজ্জামান মোল্যা খয়ের ও খলিল শেখদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এই নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলাও হয়। এরই জেরে গত ২৩ ফেব্রুয়ারি ভোরে সেহরির পর খয়ের চেয়ারম্যানের লোকজন খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ ও তাঁর চাচাতো ভাই ফেরদৌস শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয়।
পাল্টা হামলায় গুরুতর আহত খয়ের চেয়ারম্যান গ্রুপের ওসিকুর ফকিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

