একাত্তর ডেস্ক:নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোডসহ আরও কয়েকি জায়গায় ৩৭টি বাড়ি প্রস্তুত করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।
নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে আদিলুর রহমান বলেন, “এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।”
এ ৩৭টি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলোও রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর বাসভান কোথায় হচ্ছে জানতে চাইলে শপথের আগের দিনও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি আদিলুর রহমান।
তিনি বলেন, “ওনারা যেভাবে চান সেভাবে হবে। ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে মঙ্গলবান নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার বিকালে সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।
সূত্র: বিডিনিউজ

