শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নলতায় ৬ হাজার রোজাদারের ইফতারি আয়োজনের প্রস্ততি

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে শুরু হতে যাচ্ছে দেশের বৃহত্তম ইফতার মাহফিল। প্রতিবছরের মতো এবারও হজরত খান বাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার সংলগ্ন ঐতিহাসিক ইফতার মাঠে ৬ হাজার মানুষের একাসনে বসে ইফতার করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, মাঠের বিশাল প্যান্ডেল থেকে শুরু করে ইফতারি তৈরির সরঞ্জাম সবই এখন প্রস্তুত। স্বেচ্ছাসেবীরা সারিবদ্ধভাবে বসার স্থান ও ইফতারের পাত্রগুলো গুছিয়ে রাখছেন। ১ম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেলে ২৫০ জন স্বেচ্ছাসেবীদের মাধ্যমেই মাঠে একসঙ্গে ৬ হাজার মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হবে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে হাজার হাজার মানুষের একই সারিতে বসে ইফতার করার এই দৃশ্য সাতক্ষীরার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।

আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর প্রতিদিন ৬ হাজার মানুষের জন্য ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন করতে লোকবল সুনির্দিষ্ট করা হয়েছে বলে তিনি জানান। ইফতার মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে এবং ৫০ জন অভিজ্ঞ বাবুর্চি ইফতারি তৈরির কাজে নিরলসভাবে নিয়োজিত আছেন।’

প্রথা অনুযায়ী স্বাস্থ্যসম্মত ইফতারের তালিকায় এবছরেও রাখা হয়েছে, ঐতিহ্যবাহী ফিরনি, চিড়া, সিদ্ধ ডিম, ছোলা ভুনা, সিঙ্গাড়া, কলা ও খেজুর। প্রতিদিন ফজরের পর থেকেই বাবুর্চিরা এসব খাবার তৈরির কাজ শুরু করেন।

মিশন কর্তৃপক্ষের আশা, নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বেচ্ছাসেবীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এবারের ইফতার মাহফিলও বরাবরের মতো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ