নিজস্ব প্রতিবেদক:যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের সাথে শুক্রবার রাতে হৃদ্যতাপূর্ণ ফোনালাপ হয়েছে।
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনের মাধ্যমে এই দুই শীর্ষ নেতা কথা হয়। ফোনালাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন। এই কথোপকথনে তারা একে অপরের শুভ কামনা এবং সহযোগিতা প্রত্যাশা করেন।
ফোনালাপকালে উভয় নেতা একমত পোষণ করেন যে, রাজনৈতিক আদর্শ বা দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক ময়দানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন; সে ব্যাপারে একে অপরকে আশ্বস্ত করেন।
এ ব্যাপারে আলাপকালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যারা রাজনীতির করি; আমাদের মাঝে আদর্শগত মত পার্থক্য আছে; কিন্তু সম্পর্কের জায়গা থেকে আমাদের মাঝে কোন ধরণের বিভেদ থাকা উচিত নয়। আমিও সেই বিষয়টি তার কাছে ব্যক্ত করেছি। তিনি বলেন আমার দল বিএনপি অতীতেও যশোরে রাজনৈতিক সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করেছে; আগামীতেও সেটা বজায় থাকবে বলে ফোনালাপে আব্দুল কাদেরকে আমি আশ্বস্ত করেছি।
এ ব্যাপারে আলাপকালে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল কাদের বলেন, অমিত সাহেব আমাকে ফোন দিয়ে আগামীতে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন। আমিও তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা এবং একসাথে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছি।
আলাপকালে জনাব আব্দুল কাদের আরো বলেন রাজনৈতিক আদর্শগত মত পার্থক্য থাকলেও সম্পর্কের জায়গা অটুট রেখে এক সাথে পথ চলার বিষয়ে আমিও তাকে বলেছি।

