নড়াইল প্রতিনিধি:
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সরকার গড়তে চাই না, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সব নাগরিকের বিজয় চাই।’বাংলাদেশ এখন এক স্বস্তির নিশ্বাস চায়। শুক্রবার বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর নড়াইল-২ আসনের জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং জামায়াত জেলা শাখার সেক্রেটারি নড়াইল-১ আসনের জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের সূরা সদস্য ও ঢাকা দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস, খেলাফত মজলিশের কেন্দ্রিয় সূরা সদস্য মাও. আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রিয় সূরা সদস্য ও নড়াইল জেলা শাখার সভাপতি মাও. মহসিন আলী, খেলাফত আন্দোলন নড়াইল জেলা শাখার আমীর মাও. আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিশের নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান সরদার, জেলা জামাতের সহকারি সেক্রেটারি মো. আয়ূব হোসেন খান, জামায়তে ইসলামী অমুসলিম শাখার আহবায়ক চিকিৎসক পতিত পবণ বিশ্বাস, জেলা ছাত্র শিবিরের সভাপতি সালাহউদ্দিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রিয় যুগ্ম-সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, জুলাই যোদ্ধা মুস্তাফিজুর রহমানসহ ১১দলীয় নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আরো বলেন, এই বাংলাদেশ এখন এক স্বস্তির নিশ্বাস চায়, আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চায় না, এই পুরানো রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই, পায়ে জিঞ্জির দিয়ে আটকে রেখেছে, সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই, আমরা সেই বাংলাদেশকে আল্লাহর ওপর ভরসা করে পাল্টে দিতে চাই।
এ সুযোগই আগামী ১২ তারিখ গণভোটে পুরানো রাজনীতিকে বিদায় দিতে ‘না’ আর নতুন রাজনীতিকে বলা হবে ‘হ্যাঁ’। ‘হ্যাঁ’ মানে আজাদী আর ‘না’ মানে গোলামী। সকলের জন্য নিরাপদ, সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা গড়তে চাই। তাই আপনারা ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে থাকবেন।

