বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে বাছুরসহ গরু জবাইয়ের অভিযোগে অভিযান চালিয়ে দুই কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পৌরসভা। একই সঙ্গে জব্দ করা মাংস বাজেয়াপ্ত করে পরবর্তীতে পুড়িয়ে দেয়া হয়।
পৌরসভার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলম কসাই ও মানিক কসাইকে একত্রে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পৌরসভার স্যানিটার ইন্সপেক্টর রাশেদা। তিনি জানান, বাছুরসহ গরু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তবে অভিযানের পরপরই ঘটনাটি ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মহিলা স্যানিটারি অফিসারের অনুমতি ও অবহেলার কারণেই দীর্ঘদিন ধরে বাছুরসহ এবং অসুস্থ ও রুগ্ন গরু জবাই করা হয়ে আসছে। তাঁদের দাবি, প্রতিদিন টাকার বিনিময়ে পশু জবাইয়ের অনুমতি দেওয়া হয়, যা নিয়মবহির্ভূত।
নিয়ম অনুযায়ী প্রতিটি পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করে অনুমোদন দেওয়ার দায়িত্ব স্যানিটারি অফিসারের। অভিযোগকারীরা বলছেন, যদি সঠিকভাবে পশু পরীক্ষা করা হতো, তাহলে বাছুরসহ বা অসুস্থ গরু জবাইয়ের কোনো সুযোগই থাকত না।

