বেনাপোল (যশোর) প্রতিনিধি:
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (৭২)।
রোববার রাত সাড় ১০ টার দিকে তার মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয় বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত)সৈয়দ মোর্তজা।
বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় তার লাশ ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়।

জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান বলেন,শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন।কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তিনদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাল্টিঅর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা তার স্বজনদেরকে জানিয়েছেন।

