বেনাপোল প্রতিনিধি:
জাতীয় নির্বাচন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় শুরু হয়েছে ইমিগ্রেশন কার্যক্রম।
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সাময়িকভাবে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ফলে ওইদিন বেনাপোল বন্দর দিয়ে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারেননি।
শুক্রবার সকালে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকাল থেকেই যাত্রী পারাপার কার্যক্রম চালু করা হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এ পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনও এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়নি। এমনকি করোনা মহামারির সময়ও সীমিত আকারে হলেও যাত্রী চলাচল অব্যাহত ছিল।
তবে এবারের জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কার কারণে ভোটের দিন একদিনের জন্য ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করতে পারছেন।

