রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

ভোট দিতে গিয়ে দেবহাটার ভাড়াটিয়ার বাসায় খোয়া গেল স্বর্ণালংকার  

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়ে মো. আসাদুজ্জামানের দেবহাটার এক ভাড়া বাসা থেকে খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা। এ ঘটনায় ওই ভূক্তভোগী ভাড়াটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পাশাপাশি স্থানীয় একটি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি গত ১০ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তালা দিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে নিজ এলাকা কলারোয়ায় যান। পরে ভোট দিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেবহাটায় ফিরে আসেন। বাসায় ফিরে দেখেন তার ভাড়া বাসার তালা কাটা। দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান ঘরের মধ্যে সব কিছু এলোমেলো।

 

তার ঘরের ট্রাংকে থাকা প্রায় ২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ২ ভরি ওজনের দুটি স্বর্ণের হার (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ১ ভরি ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা), ১ ভরি ওজনের তিন জোড়া স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা), ৮ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে। ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানায় অভিযোগ করেছেন।

 

এ বিষয়ে দেবহাটা থানার ইনচার্জ অফিসার জাকির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ