মনিরামপুর (যশোর) প্রতিনিধি: ঘের তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করে জনসাধারণের ব্যবহার্য সড়কের ক্ষতিসাধনের দায়ে মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা মৌজায় দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জানা যায়, ঘের ব্যবসায়ী মো. কারিমুল ইসলাম (৩৩), পিতা: মোহাম্মদ আতিয়ার রহমান এবং মো. লাল্টু বিশ্বাস (৪৫), পিতা: মোহাম্মদ মওলা বখশ কাঁঠালতলা বাজার–পারখাজুরা বাজার সংযোগ সড়কের দুইপাশে অবৈধভাবে ঘের নির্মাণ করেন। ঘের খননের সময় তারা সড়কের নিচ থেকে মাটি অপসারণ করায় গুরুত্বপূর্ণ এই জনপথটি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
প্রশাসন জানায়, এ ধরনের কর্মকাণ্ড বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে আইনটির ১৫(১) ধারায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধভাবে মাটি কেটে রাস্তা ধ্বংসের ঘটনায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে

