শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে মো. হাফিজুর রহমান (৪০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মৃত আনোয়ার মহালদারের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হাফিজুর রহমান বাজার থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি ঘুম থেকে না উঠলে সকাল সাড়ে ৯টার দিকে তার মা সুরতজান বেগম ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দরজার পাশে মেঝেতে হাফিজুর রহমানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। ঘর থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি সচল ছিল। এছাড়া ঘরের ভেতরে বমির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত হাফিজুর রহমান অবিবাহিত ছিলেন। তিনি স্থানীয় মাছ বাজারের ব্যবসায়ী শামিমের আড়তে কর্মরত ছিলেন। স্থানীয়ভাবে জানা গেছে, মাছ বাজারের ব্যবসায়ী ছোট আবুল ও শামিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের সঙ্গে ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হাফিজুর রহমান নিয়মিত মাদক সেবন করতেন। অতিরিক্ত সেবন অথবা মেয়াদোত্তীর্ণ (ডেট এক্সপায়ার) মাদক গ্রহণের কারণে এ মৃত্যু হয়েছে কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি তার সঙ্গে কারও ব্যক্তিগত, পারিবারিক বা রাজনৈতিক বিরোধ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, হাফিজুর রহমান স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ