নিজস্ব প্রতিবেদক :মনিরামপুর উপজেলার এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর তার মরদেহ মাছের ঘেরে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহত আরিফ হোসেন (১৭) উপজেলার বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।
রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড় সংলগ্ন আনোয়ার ফকিরের ঘেরপাড়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, দুর্বৃত্তরা আরিফের মাথায় উপর্যুপরি আঘাত করে এবং ডান হাতের কব্জি কেটে তাকে হত্যা করে। পরে আনোয়ার ফকিরের মাছের ঘেরে মরদেহ ফেলে যায় বলে ধারণা স্থানীয়দের।
সোমবার সকালে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে বিষয়টি নিকটস্থ পুলিশ ক্যাম্প ও নিহতের পরিবারকে জানান। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের পিতা আতিয়ার রহমান জানান, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে ছেলের সঙ্গে তার শেষ দেখা হয়। এরপর সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি ছেলের মৃত্যুর খবর পান।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত স্থানটির পাশে একটি দিয়াশলাই ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারণা, এলাকার কিছু উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিশোর-যুবকদের সঙ্গে আরিফের চলাফেরা ছিল। সেই সূত্রে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। অপরদিকে, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিল বলে জানা গেছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

