মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও উৎসবমুখর পরিবেশে যশোরের মনিরামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
দিনের সূচনা হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মনিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় উপস্থিত জনতার মাঝে দেশাত্মবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ নতুন করে জাগ্রত হয়।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং অনুপম ঘোষ ও বাপন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা
উৎসবমুখর হয়ে ওঠে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মনিরামপুরবাসী নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

