নিজস্ব প্রতিবেদক:
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যশোরের ২৭ গ্রাহকের সাড়ে ২৫ লাখ আত্মসাতের অভিযোগে ৫ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
শহরের বকচর এলাকার আব্দুস সাত্তার খানের ছেলে ফেরদৌস খান বাদী হয়ে এ মামলা করেছেন। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, ঢাকাস্থ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ডা. মোকাদ্দেস হোসেন, দায়িত্বপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ভ‚ইয়া ও চিফ ফাইন্যান্স অফিসার সামসুদ্দিন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের প্ররোচণায় প্রলুব্ধ হয়ে তিনিসহ ভুক্তভোগী ২৭ জন বিভিন্ন সময় মোট ২৫ লাখ ৪২ হাজার ৮৭৪ টাকা লগ্নি করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যশোর সদর কার্যালয়ে। এর মধ্যে ফেরদৌস খানের লগ্নিকৃত টাকার পরিমান ১ লাখ ৭৮ হাজার ৬শ’৩১ টাকা। মাসিক কিস্তিতে এই টাকা জমা দিয়েছেন তিনি।
মেয়াদ শেষে গ্রাহকদের লভ্যাংশসহ দ্বিগুণ টাকা ফেরত কথা ছিল। কিন্তু গত রোববার ফেরদৌস খানসহ অন্যরা জমা করা টাকা উত্তোলন সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য যশোর সদর কার্যালয়ে গিয়ে দেখতে পান, সেখানে তালা ঝুলছে। তখন ভুক্তভোগীরা মোবাইল ফোনে উল্লিখিত আসামিদের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে নানা প্রতারণামূলক বলেন। এক পর্যায়ে আসামিরা টাকা দিতে অস্বীখার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

