ভ্রাম্যমান প্রতিনিধি:যশোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রকাশ করেছে কৃষি বিপণন অধিদপ্তর, যশোর কার্যালয়। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত এ তালিকায় জেলার বিভিন্ন বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, সবজি, মাছ, মাংস, চিনি ও ডিমসহ দৈনন্দিন ভোগ্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য নির্ধারণ করে জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে কয়েকটি পণ্যে সামান্য বৃদ্ধি ও হ্রাস লক্ষ্য করা গেছে। বাজারভেদে দামের কিছুটা পার্থক্য থাকতে পারে বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্ধারিত মূল্যসীমার মধ্যেই খুচরা পর্যায়ে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে।
এ প্রেক্ষিতে কৃষি বিপণন অধিদপ্তর জেলার সকল বাজার পরিচালনা কমিটির প্রতি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি সরকারি নির্ধারিত দরে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিতভাবে বাজারদর সংগ্রহ ও প্রকাশ কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য আদায় করলে বা অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

