নিজস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়া,মনিরামপুর ও চৌগাছা উপজেলা পৃথক সংঘর্ষ, হামলা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার পুনিয়ার হাটবাজার এলাকায় মোহাম্মদ ইবাদুল (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। তিনি দয়ারামপুর গ্রামের মন্তাজ মোল্লার ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক বিরোধের জেরে একই এলাকার জামায়াত সমর্থক সাকিদুল (৫০) ও অজ্ঞাতনামা ৭-৮ জন তার ওপর হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দ্বিতীয় ঘটনায়, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মনিরামপুর উপজেলার রত্নেরশ্বরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হন। আহতরা হলেন মতলেব (৪৯), আতিয়ার (৬০), মোহাম্মদ লিটন (৩৫),মতিয়ার রহমান (৬০), রহিমা (৫০) ও মরিয়ম (৪৫)। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ মোস্তফা (৪০),হাসান (৩৫), মুসা (৩৭), মোহাম্মদ আলী (৫৬)সহ আরও কয়েকজন তাদের বাড়িতে ঢুকে মারধর করে। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে,চৌগাছা উপজেলার চারাবাড়ি গ্রামের বাবু (৪৫) বাজারে যাওয়ার পথে হামলার শিকার হন। সকাল
সকাল সোয়া ১০টার দিকে রায়নগর গ্রামের সাইফুল্লাহ (২৬) তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এছাড়া,একই দিন সকাল ১১টার দিকে মনিরামপুর উপজেলার জালঝালা মাদ্রাসার সামনে রাজনৈতিক প্রতিহিংসার জেরে মঈন সদ্দার (৫৫) নামে এক বিএনপি সমর্থককে মারধরের ঘটনা ঘটে। তিনি জালঝালা গ্রামের মৃত আজিজার সরদারের ছেলে। অভিযোগ রয়েছে, একই গ্রামের জামায়াত সমর্থক ওয়াদুদের নেতৃত্বে শহীদ (৪৫), বোরহান (৩২), এনামুল (৩৫)সহ কয়েকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

