নিজস্ব প্রতিবেদক:যশোরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণের করে কোটি টাকা মক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সোমবার (২ মার্চ) রাত পৌনে দশটার দিকে যশোর শহরের পশু হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম শহরের ধর্মতলা এলাকায় বসবাস করতেন। ঘটনার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। এরপর কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
অপহরণের কিছুক্ষণ পর রাত আনুমানিক ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল করা হয়। এ সময় ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় রেশমা খাতুন ৩ মার্চ যশোর কোতোয়ালি থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেছেন, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত জাহাঙ্গীর আলমকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

