বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে হেরোইনের মামলায় এস্কেন্দার আলী নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত এস্কেন্দার আলী যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন।
এরপর শার্শা থানার এসআই বাবুল আক্তার তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান এবং এস্কেন্দারকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে এসআই মামুনুর রশিদ এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার রায় দেন বিচারক। রায়ে আসামি এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।

আরো পড়ুন

সর্বশেষ