নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘন্টা ধরে এ অভিযান চলে।
যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম শনিবার দিবাগত রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘন্ট ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় আরিফের স্ত্রী ও দুই ভাইসহ চারজনকে আটক করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৪টার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, আরিফ, সাকি ও সাগর এলাকায় প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত । বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। পাশাপাশি তিনি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।
যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ তারা একাধিকবার গ্রেফতার হয়েছে।

