শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কালীগঞ্জে নবাগত এমপির কাঁচা বাজার পরিদর্শন

আরো খবর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব কালীগঞ্জ শহরের বিভিন্ন বাজারে সরেজমিনে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি কালীগঞ্জ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের মূল্য, সরবরাহ ও মজুত পরিস্থিতি খোঁজখবর নেন। এ সময় তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।

এমপি আবু তালিব বলেন, রমজানকে কেন্দ্র করে একটি অসাধু ব্যবসায়ী চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জনগণের কষ্ট লাঘবে সরকার ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হবে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজার তদারকির সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও জেলা প্রশিক্ষক সম্পাদক মাওলানা ওলিয়ার রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ঈশা খা, সরকারি মহাতাব উদ্দিন কলেজ শাখার ছাত্রশিবির সভাপতি হুসাইন আহমেদসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়। সাধারণ ক্রেতারা বলেন, নিয়মিত এ ধরনের মনিটরিং কার্যক্রম চালু থাকলে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

আরো পড়ুন

সর্বশেষ