নিজস্ব প্রতিবেদক:রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকির অংশ হিসেবে যশোরে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যশোর জেলা কার্যালয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত সদর উপজেলার মণিহার ফলের বাজার, পালবাড়ী বাজার ও বড়বাজার এলাকায় এ অভিযান চালানো হয় হয়।
অভিযান সূত্রে জানা যায়,ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৫ ধারায় যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকার নওরিন ফ্রুটসকে ৫ হাজার টাকা, একই আইনের ৩৮ ধারায় শহরের পালবাড়ি এলাকায় ইকলাস স্টোর কে ২ হাজার টাকা এবং ৪৫ ধারায় পালবাড়ী এলাকার ওসমান মাংসের দোকানকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আইন লঙ্ঘনের অভিযোগে এসব জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব যশোরের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

