বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাশিয়ার ভিসা জালিয়াতি: ট্রাভেল এজেন্সির ৪ কর্মকর্তার বিরুদ্ধে যশোরে মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এবং পাসপোর্ট আটকে রেখে ব্ল্যাকমেইল করার অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার যশোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মো. হাসানুজ্জামান। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

 

অভিযুক্তরা হলেন ঢাকার বারিধারা এলাকার‘যমুনা ভিসা এক্সপ্রেসের মো.কামরুল হাসান (৩৮), ডিরেক্টর মোহাম্মদ রাহানুল আলম (৩০),ম্যানেজার ইউসুফ আলী (৩৫) ও এজেন্ট সুমন খান (২৮)।

 

মামলার আরজি সূত্রে জানা গেছে,বাদী হাসানুজ্জামান দীর্ঘ দিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনের সূত্র ধরে ঢাকার বারিধারায় অবস্থিত ‘যমুনা ভিসা এক্সপ্রেস’ নামক একটি প্রতিষ্ঠানের সাথে তার পরিচয় হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাকে রাশিয়ার ২ বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার আশ্বাস দেন এবং এর বিনিময়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। চুক্তি অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর বাদী কুরিয়ারের মাধ্যমে তার পাসপোর্ট পাঠান এবং ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে গিয়ে নগদ ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা চলতি বছরের ১৫ জানুয়ারি রাশিয়ার ভিসা সম্পন্ন করে পাসপোর্ট ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সময় পার হয়ে গেলেও তারা ভিসা দেননি এবং পাসপোর্ট ফেরত দিতেও অস্বীকৃতি জানান। উল্টো পাসপোর্ট ফেরত পেতে হলে আরও ১ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট ফেরত না পাওয়ায় বাদীর আবুধাবির রেসিডেন্স ভিসার মেয়াদ জটিলতায় পড়েছেন এবং সেখানে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সব মিলিয়ে আর্থিক ও মানসিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি।

 

 

যে কারণে বাদী হাসানুজ্জামান ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’-এর সংশ্লিষ্ট ধারায় বিচার প্রার্থনা করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ