নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আল আমিন (স্থানীয়ভাবে আলামিন নামে পরিচিত) নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে। ঘটনার সময় তিনি নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ শুরু করে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে, তিনি জানতে পেরেছেন নামাজ পড়ে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে ।

