বেনাপোল(যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ পাচারকারী হাসানুজ্জামান (৩০)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি কর্মকর্তা জানান. গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সোমবার সকালে শার্শার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৮৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বিজিবি‘র অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে । আটক আসামীকে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

