কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। তিনি বলেছেন, “কেশবপুরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সেই নিয়োগ বাতিল করা হবে।”
বৃহস্পতিবার (৫ মার্চ) কেশবপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মোক্তার আলী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ও মান ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গুণগত মান নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। আমি চাই কেশবপুরের প্রতিটি প্রতিষ্ঠান আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠুক।
শিক্ষক সমিতির বিভেদ নিরসনের উদ্যোগ দীর্ঘদিন ধরে চলে আসা শিক্ষক সমিতির অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কথা বলেন সংসদ সদস্য বলেন মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি বর্তমানে দুটি গ্রুপে বিভক্ত থাকায় সমিতির কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে। আগামী ঈদুল ফিতরের পরপরই দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রয়োজনে আলাদা আলাদাভাবে বসে ঐক্যবদ্ধ একটি একক সমিতি গঠনের মাধ্যমে কেশবপুরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন, যারা স্থানীয় শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার কথা এমপির সামনে তুলে ধরেন।

