শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইয়াছিন সানা(৫৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজারে তার আটল-পাটার গুদাম ঘর থেকে ঐ মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষ্মী গ্রামের মৃত দুর্লভ সানার ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, ব্যবসায়ীক সমস্যা ও জমি-জমা নিয়ে মামলার কারনে তিনি মানসিক চাপে ছিলেন। রোববার রাতে বাজারের অপরাপর দোকানীরা বাড়িতে গেলেও ইয়াছিন সানার প্রতিষ্ঠান খোলা ছিল। একপর্যায়ে নৈশপ্রহরীরা ভিতরে প্রবেশ করে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে। এসময় খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান পরিবারের সদস্যদের ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ দাফন করতে দেয়া হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

