সাব্বির হোসেন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলের রাজ্যের সকল ফুল পার্ক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ রোববার ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য গদখালী এলাকার সব পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সূত্র আরও জানায়, এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সকল পার্ক পরিচালক ও কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে গদখালীর ফুল পার্কগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময় শেষে পার্কগুলো পুনরায় খুলে দেওয়া হবে।”
জেলা আইনশৃঙ্খলা মিটিং, যশোর এবং বিশেষ উপজেলা আইনশৃঙ্খলা মিটিং, ঝিকরগাছার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্কগুলো বন্ধ থাকা অবস্থায় দর্শনার্থীরা নির্ধারিত সময় পর্যন্ত পার্ক এলাকায় প্রবেশ করবেন না।

