একাত্তর ডেস্ক:
সোশাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার, ব্যক্তিগত আক্রমণ, পেশাগত ক্ষতিসাধন এবং সম্মানহানির অভিযোগে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে সুইডেনে একটি মামলা হয়েছে।মঙ্গলবার সুইডিশ পুলিশের কাছে মামলাটি দায়ের করেন প্রবাসী কবি ও নাট্যকার আনিসুর রহমান।বর্তমানে ভারতে বসবাসরত তসলিমা নাসরিন বলছেন, মামলার বিষয়টি তিনি জানেন না, তবে ‘কোনো মিথ্যা কথা’ তিনি বলেননি।
২০১৭ সালে ঢাকার একটি নিউজ পোর্টালে ‘নকল দুনিয়া’ শিরোনামে তসলিমার একটি লেখা প্রকাশিত হয়। সেখানে সুইডেনের দগেন্স নিহেতার পত্রিকার সাবেক প্রধান সম্পাদক অরনে রুথ এবং আনিসুর রহমানসহ কয়েকজনের নাম জড়িয়ে বিভিন্ন ‘নেতিবাচক মন্তব্য’ করা হয়।
সম্প্রতি আনিসুর রহমান তার এক লেখায় নাম উল্লেখ না করে প্রবাসে থাকা কয়েকজন লেখক ও ব্লগারের সমালোচনা করেন। এরপর তসলিমার সেই পুরনো লেখাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সূত্রপাত হয়।
আনিসুর রহমানের অভিযোগ, তসলিমাকে ‘সূত্র হিসেবে ব্যবহার করে’ বিভিন্ন দেশে কিছু ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট তাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ’ শুরু করেন।
এই প্রেক্ষাপটে প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে তসলিমার বিরুদ্ধে মামলা করেছেন সুইডেন প্রবাসী এই লেখক।
বাংলা একাডেমির আজীবন সদস্য আনিসুর রহমান এক যুগের বেশি সময় ধরে সপরিবারে সুইডেনে বসবাস করছেন। তিনি সুইডিশ রাইটার্স ইউনিয়নের পরিচালনা পর্ষদেরও সদস্য।
আনিসুরের লেখা কবিতা ও গদ্য বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। আফ্রিকা, এশিয়া, ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার লেখা নাটক পড়ানো হয়। নরওয়ে ও সুইডেনের থিয়েটারে তার লেখা নাটকের মঞ্চায়ন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পাঠ্যক্রমে তার দুটি নাটক অন্তর্ভুত।
এতদিন পরে কেন মামলা করলেন জানতে চাইলে আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিথ্যার বিরুদ্ধে একটা প্রতিবাদ করা এবং মিথ্যা প্রচারের কারণে নিরাপত্তা হুমকি আর পেশাগত ক্ষতি থেকে প্রতিকার চাওয়ার অধিকারকে আমি রক্ষা করতে চাই, বিলম্বে হলেও চাই।

