মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের কলমধরী বাজার এলাকায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলমধরী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ.শাহনুর জামান। আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম শাকিল (৪৩) সহিদুল ইসলাম (৩৫) আকিদুল ইসলাম (৪৭) হোসেন (২৩) ও কামরুল ইসলাম (৩৬)
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল-এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

