নিজস্ব প্রতিবেদক:
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের শুনানি শেষে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।
দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত দল ইতোমধ্যে গঠন করে কাজ শুরু করেছে।
আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্ত দম্পতি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে এবং চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আদালতে যুক্তি উপস্থাপন করে দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে অভিযুক্ত দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

