নিজস্ব প্রতিবেদক :
যশোরের মণিরামপুর উপজেলার কাজীপাড়া এলাকায় চেইন ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। গত ৭ ফেব্রুয়ারি (শনিবার) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জুড়নপুর গ্রামের বাসিন্দা কাজী নুরুল হকের মেয়ে ফয়জুন্নাহার ভ্যানে করে মণিরামপুর বাজার থেকে নিজ বাড়ি কাজীপাড়ার দিকে যাচ্ছিলেন। কাজীপাড়া এলাকায় মেইন সড়ক থেকে প্রায় ৫০ গজ ভেতরে পৌঁছালে হঠাৎ একটি মটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে, ছিনতাইকৃত চেইনটির আনুমানিক মূল্য এক লাখ ৯৫ হাজার টাকা।
ঘটনার সময় ভ্যানের পেছনে হিরা ও তিশা নামের দুইজন অবস্থান করছিলেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
