ফারুক রহমান, সাতক্ষীরা:
ভারতে মৃত্যুবরণ করা মাকে শেষবার দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশে বসবাসরত দুই মেয়ে। সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ যৌথভাবে এই ব্যবস্থা গ্রহণ করে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্তের জিরো পয়েন্টে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা গ্রামের গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন (৯৮) মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার দুই মেয়ে শিরিনা খাতুন ও আলেয়া খাতুন বৈবাহিক সূত্রে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা ভাড়ুখালী গ্রামের বাসিন্দা। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তারা বিজিবির কাছে সাক্ষাতের আবেদন জানান। একই সঙ্গে ভারতে অবস্থানরত পারিবারের পক্ষ থেকেও বিএসএফের কাছে আবেদন করা হয়।
উভয়পক্ষের আবেদন মানবিক বিবেচনায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভোমরা বিওপি এবং ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্প যৌথভাবে জিরো পয়েন্টে মরদেহ আনার ব্যবস্থা করে। বিজিবি ও বিএসএফের তত্ত্বাবধানে উভয় পরিবারের সদস্যরা সীমিত সময়ের জন্য সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পান। পরে মরদেহটি ভারতের কাছে হস্তান্তর করা হয়।

