ভ্রাম্যমাণ প্রতিনিধি,বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারী কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ কায়বা বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১,৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

