আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন কিশোরীর বাবা পিরোজপুর গ্রামের সিরাজুল ইসলাম।
তিনি জানান, আমার মেয়ে (১৬) মাদ্রাসায় পড়াশোনা করে। সাংসারিক অভাবের কারণে ৭/৮ মাস সে বাড়িতে বসে আছে। পার্শ্ববর্তী রফিক সানার ছেলে আলামিন সানা (২৩) বেশ কিছু দিন ধরে মেয়েটিকে উত্যক্ত করা সহ বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে আমি ওই ছেলেকে সংশোধন হতে বলেছি। কিন্তু কোন কাজ হয়নি বরং সে আমার মেয়েটিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সময়ের অপেক্ষা করছিল। যার প্রেক্ষিতে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটি গোসল করতে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আলামিন আমার মেয়েকে ফাঁকা পেয়ে তার পরনের জামা কাপড় ছিঁড়ে জোর পূর্বক যৌন হয়রানির চেষ্টা করে। মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হলে ছেলেটি ঘটনাস্থল ত্যাগ করে। আমি মেয়েটিকে প্রাথমিকভাবে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুবিচারের জন্য থানায় একটি এজাহার দায়ের করেছি।
অভিযুক্ত আলামিন সানার কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন আমি নির্দোষ, মামারা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমাকে হয়রানি করছে।
এ ব্যাপারে আশাশুনি থানার সেকেন্ড অফিসার রশিদুজ্জান জানান, একটি এজাহার পেয়েছি, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আশাশুনিতে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ

