কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ সবুজ সরদার (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ই মার্চ) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে।
আটককৃত সবুজ সরদার কেশবপুর থানার রঘুরামপুর গ্রামের নাছির সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন সংগীয় ফোর্স নিয়ে রঘুরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় সবুজকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই মোঃ শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

