সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
খুলনায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে।
শনিবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তাকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই বিশেষ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে করে অস্ত্রের বড় একটি চালান পাচার হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লবণচরা থানার ‘নিজ খামার’ এলাকায় চেকপোস্ট বসানো হয়। সকালের দিকে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী।
অভিযান চলাকালে সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ ও শরীর তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫টি অত্যাধুনিক পিস্তল ২টি ম্যাগাজিন ৯৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ডিএনসির সাথে যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটক তরুণীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস কী এবং এই পাচার প্রক্রিয়ার সাথে দেশের কোনো বড় অপরাধী চক্র বা সিন্ডিকেট জড়িত কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, দেশের অভ্যন্তরে কোনো বিশেষ উদ্দেশ্যে এই মরণাস্ত্রের চালানটি পাচার করা হচ্ছিল।

